
ফেনী সদর উপজেলার পঞ্চগাছিয়ায় সংঘটিত একটি দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি কামরুলকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গত মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলার মাথিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল মাথিয়ারা (মির্দা বাড়ি) এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল জানতে পারে যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি দলবদ্ধ ধর্ষণ মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি কামরুল মাথিয়ারা এলাকায় অবস্থান করছেন। উক্ত সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ আগস্ট ফেনী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(৩)/৩০ ধারায় মামলাটি (মামলা নম্বর: ৩৬/৪৭৫) দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকেই অভিযুক্ত কামরুল আত্মগোপনে ছিলেন।
র্যাব-৭-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ফেনী সদর থানা-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :