গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আবু শহিদ (৪২)। তিনি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বলিয়ারভাগ এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল মালিকের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে আল-ফালাহ হাসপাতালের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানারসহ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরবর্তীতে এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
এই ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বলিয়ারভাগ এলাকায় অভিযান চালিয়ে আবু শহিদকে গ্রেফতার করে পুলিশ।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের মিছিল-সমাবেশে অংশগ্রহণ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
এই মামলায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :