চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা


আবছার উদ্দিন অলি, চট্টগ্রাম প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ ৫৭৫
চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল প্রতিযোগিতা

দেশের ৪০ হাজার ২৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রায় ১ কোটি ৬০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬। আগামী সেপ্টেম্বর মাসে প্রতিযোগিতার উদ্বোধন হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে।

প্রতিযোগিতা উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার শওকত হোসেন, পুলিশ সুপার মাসুদ আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৯ হাজার ২১১টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৫৫৬টি স্কুল অ্যান্ড কলেজ, ৩ হাজার ৩৮০টি কলেজ, ৯ হাজার ২৯৬টি মাদ্রাসা এবং ৬ হাজার ৭৮৮টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে।

আয়োজকদের ভাষ্য, দেশের প্রতিটি অঞ্চল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে তৃণমূল পর্যায়ে ফুটবল প্রতিভা খুঁজে বের করাই এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ জোরদার, নারী ক্রীড়াবান্ধব পরিবেশ সৃষ্টি, স্পোর্টস ইকোনমির বিকাশ এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যও রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

আয়োজকেরা জানান, দেশের শিক্ষা ইতিহাসে অন্যতম বৃহৎ এই ক্রীড়া আয়োজন সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চট্টগ্রামে উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও স্মরণীয় করে তুলতে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কাজ চলছে।

লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন

Google-এ পছন্দের সংবাদ উৎস হিসেবে যোগ করুন

Google-এ পড়ুন লাখোকণ্ঠের খবর 

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১