দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু


প্রতিনিধি প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ
দেশের ভেতরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু

লাখোকণ্ঠ অনলাইন ডেস্কঃ দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তাদের ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের আজ এ তথ্য জানিয়েছেন। ইসি সচিব আরও বলেন, জাতীয় নির্বাচনগণভোটের ফলাফল একসঙ্গে দেওয়া হবে।

আখতার আহমেদ বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, তাদের ব্যালট আজ থেকে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার ভোট দিতে পারবেন। ব্যালট পেপার পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে ফেরত পাঠাতে হবে।

ইসি সচিব বলেন, দেশের ভেতরের পোস্টাল ব্যালটে প্রতীকের পাশে প্রার্থীর নাম থাকবে। ইতোমধ্যে ইসি থেকে বলা হয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছতে হবে। এরপর পৌঁছালে তা গণনা করা হবে না।

গতকাল বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে ইসি। ইসি সচিব জানান, বৈঠকে কূটনীতিকরা জানতে চেয়েছেন ভোটের ফলাফল কখন হবে। এ প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা যেটা বলেছি আমাদের হিসাব মতে কেন্দ্রের ফলাফল সময় মতো হয়ে যাবে। তিন থেকে চার ঘণ্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু যে সমস্ত রিটার্নিং অফিসারের কাছে প্রবাসী ভোটের কেন্দ্রগুলো থাকবে সেখানে গণনার সময় বেশি লাগবে। তার কারণ হলে দুটো ব্যালট পেপার, এ কারণে সময় বেশি লাগবে। প্রবাসীদের কাছে যে ব্যালট পেপার এ ফোর সাইজের দুই পাশেই আছে। কাজেই ভোট দিবেন একটা। তার মানে ১১৯টা মার্কাকে স্ক্যান করতে হবে ম্যানুয়ালি। ত্রুটিমুক্ত রাখার জন্য এ জায়গায় সময় বেশি লাগবে। একটু না, এখন কতটুকু সময় বেশি লাগবে এটা নির্ভর করছে, কত ভোট এসে পৌছাচ্ছে; সেটার ওপর নির্ভর করছে।’

বিদেশে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, বিদেশে যদি আচরণবিধির লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের।