শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ণ ১০৭
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরতে হবে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর মামলার বিচারিক রায় হয়ে গেছে। একজন সাজাপ্রাপ্ত আসামি ও হত্যাকারী এ ধরনের আবেদন করতে পারেন না। তাঁর পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে সাধারণভাবে পাসপোর্ট নিয়ে ফেরার সুযোগ নেই। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ভারতকে স্পষ্টভাবে জানিয়েছে, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

শেখ হাসিনার পক্ষে বিদেশি আইনজীবী ও লবিস্টদের কাজ করার প্রসঙ্গে হুমায়ুন কবির প্রশ্ন তোলেন, শুধু অর্থের জন্য কেউ তাঁর হয়ে কাজ করলে তাঁদের নৈতিক অবস্থান কোথায়?

এর আগে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে চিঠি পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশি পরিচয়পত্রের জন্য এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ওই আবেদন শেখ হাসিনার সরাসরি অনুমোদনে করা হয়েছে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে প্রশ্ন রয়েছে। হাইকমিশনে পাঠানো ই-মেইলের সঙ্গে তাঁর অনুমোদনসংক্রান্ত কোনো প্রমাণপত্র ছিল না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

 

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০