
সোমবার (১ জুন) আছরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে দুটি গাড়িতে করে তাঁরা জীবননগরের উদ্দেশে রওনা দেন। একটি গাড়িতে সংসদ সদস্য মুফতি আমির হামজা এবং অন্যটিতে তিনি, তাঁর বোন ও পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক তাঁদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। কয়েকবার হর্ন দেওয়ার পরও গাড়িটি না সরানোয় তাঁদের গাড়িচালক বিষয়টি নিয়ে কথা বলতে যান।
আবু বক্করের অভিযোগ, এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাঁর ওপর হামলা চালান। তিনি নিজেকে সংসদ সদস্য আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও উত্তেজিত হয়ে তাঁকে মারধর করেন। পরে তাঁর বোন গাড়ি থেকে নামলে তাঁকেও এবং সংসদ সদস্য আমির হামজাকে লক্ষ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে জীবননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে সংসদ সদস্য আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা থানায় অবস্থান করছেন। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুফতি আমির হামজার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
কুষ্টিয়ার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :