নির্বাচনী সাফল্যের বড় শক্তি হতে পারে জিকির


প্রতিনিধি প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
নির্বাচনী সাফল্যের বড় শক্তি হতে পারে জিকির

শায়েখ মাহমুদুল হাসান:বাংলার বিস্তৃত জনপদ নির্বাচনী জ্বরে কাঁপছে থরথর। এবার সম্ভবত ধর্মানুধ্যায়ী, উলামা-মাশায়েখ আগের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি মাঠ চষে বেড়াচ্ছেন। কারো দৃষ্টিতে এটা ‘জিহাদ ফি সাবিলিল্লাহ’র সমকালীন রূপ, কারো পর্যবেক্ষণে এটি ‘দাওয়াত’-এর অংশ। আবার সাধারণ ধর্মপ্রাণ রাজনীতিবিদদের চিন্তায় এটি দেশ, জাতি ও মানবতার সেবার পাথেয়।

যে মহান উদ্দেশ্যই আপনি লালন করুন না কেন, তার সাফল্যের জন্য প্রয়োজন অব্যাহত ‘জিকির’কে সঙ্গী হিসেবে ধারণ করা। মৌখিক, মানসিক ও চেতনায় যার যত বেশি জিকির সাহচর্যী হবে, তার সাফল্য তত বেশি দেদীপ্যমান হবে। ‘হে বিশ্বাসীরা! যখন তোমরা যুদ্ধক্ষেত্রে থাকো— তোমরা সুদৃঢ় থাকো এবং ব্যাপক পরিমাণে আল্লাহর জিকির করো, তবেই তোমরা সফল হবে।’ (সুরা : আল-আনফাল, আয়াত : ৪৫)

মুসা (আ.)-কে যখন তাঁর ভাই হারুন (আ.)-সহ আল্লাহ তাআলা ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে প্রেরণ করলেন, তিনি বলেন, ‘আমার নিদর্শনসমূহ নিয়ে যাও এবং তোমরা উভয়ে আমার জিকিরে ত্রুটি কোরো না।’ (সুরা : ত্বহা, আয়াত : ৪২) অন্য আয়াতে এসেছে, ‘হে বিশ্বাসীরা, তোমরা রুকু-সিজদা ও ইবাদতের মাধ্যমে আমার জিকির করো এবং কল্যাণজনক কাজ করো।’ (সুরা : হজ, আয়াত : ৭৭)

কাজেই নির্বাচনী ব্যস্ততায় ও প্রচারণায় সরগরম মুহূর্তে বা মিছিল-মিটিং ও সমাবেশে নামাজ যেন ছুটে না যায় বা পিছিয়ে না যায়। জিহ্বা যেন জিকিরবিমুখ না হয়। কারণ নির্বাচনের ফলাফলে কারো স্বপ্ন চরমভাবে ভঙ্গ হবে বা স্বপ্নের চেয়েও বেশি অর্জিত হবে।
কিন্তু জিকিরময় নির্বাচন হলে হারানোর কিছু থাকবে না। অর্জনের ঘাটতিও আসবে না।

আর্কাইভ