সাঙ্গাকারাকে টপকে দ্বিতীয় কোহলি, উপরে শুধু টেন্ডুলকার


প্রতিনিধি প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ ৬৫
সাঙ্গাকারাকে টপকে দ্বিতীয় কোহলি, উপরে শুধু টেন্ডুলকার

লাখোকণ্ঠ ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ম্যাচজয়ী ৯৩ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তিনি। রোববার ভাদোদরায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে (২৮,০১৬ রান) ছাড়িয়ে যান কোহলি। বর্তমানে তার মোট আন্তর্জাতিক রান ২৮,০৬৮। তালিকায় তার ওপরে আছেন কেবল আরেক ভারতীয় মহানায়ক শেচিন টেন্ডুলকার, যার সংগ্রহে রয়েছে ৩৪,৩৫৭ রান।

২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন কোহলি। ভাদোদরার ম্যাচে ভারতের লক্ষ্য ছিল ৩০১ রান। ৯১ বলের ইনিংসে দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কোহলি।

ভারত চার উইকেট ও ছয় বল হাতে রেখে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে যায়। এ ম্যাচে তিনিই নির্বাচিত হন ম্যাচসেরা। ম্যাচ শেষে কোহলি বলেন, ‘নিজের পুরো যাত্রার দিকে তাকালে এটা স্বপ্নপূরণের মতোই মনে হয়। আমি জানতাম এখানে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। যা পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ ও গর্বিত।’

যদিও এই ইনিংসে তার ৫৪তম ওয়ানডে সেঞ্চুরি হয়নি, তবু এটি ছিল তার টানা পঞ্চম ওয়ানডে ইনিংস যেখানে তিনি ৫০ বা তার বেশি রান করলেন। এর মধ্যে রয়েছে দুটি শতক। মাইলফলক নিয়ে ভাবছেন না জানিয়ে সাবেক ভারত অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। ব্যক্তিগত রেকর্ড এখন আমার মাথায় নেই।’

নবম ওভারে ওপেনার রোহিত শর্মা ২৬ রানে আউট হলেও কোহলি রক্ষণাত্মক না হয়ে শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, এখন প্রথম ২০ বলেই ইনিংসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। বর্তমানে শুধু ওয়ানডে ক্রিকেট খেলছেন ‘কিং কোহলি’। টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা থাকলেও ক্রিকেটবিশ্বের ধারণা, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হতে পারে তার শেষ বড় লক্ষ্য।

ই-প্রিন্ট

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১