
বৃহস্পতিবার দুপুরে বান্দরবান সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলার হাম পরিস্থিতি, টিকাদান কার্যক্রমের প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ২৫৩। এর মধ্যে ১৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনকভাবে হাম আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রেস কনফারেন্সে সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের উচিত শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করা। গুজব বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।
অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। পাশাপাশি আসন্ন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :