পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে কাজ করছে সরকার: রেল প্রতিমন্ত্রী


মফিজ উদ্দিন, ময়মনসিংহ প্রকাশের সময় : ১৫ মে, ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে কাজ করছে সরকার: রেল প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন, সেতু ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রহমান বলেছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বনির্ভর করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্যসেবা কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের বয়স মাত্র তিন মাস হলেও এরই মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সরকার শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

তিনি জানান, প্রথম ধাপে প্রায় ৬ হাজার ৯৪৩ জনের মধ্যে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ করা হবে। এ উদ্যোগকে তিনি সাধারণ মানুষের কল্যাণে মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেলস্টেশনের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৃষ্টির সময় পানি জমে যাওয়া, যাত্রীদের বিশ্রামাগারের অভাব, নারী যাত্রীদের নামাজের ব্যবস্থা ও পাবলিক টয়লেট সংকটসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, সারা দেশে রেলকে ডুয়েল গেজে রূপান্তরের কাজ চলমান রয়েছে এবং ময়মনসিংহও এ পরিকল্পনার অন্তর্ভুক্ত। ময়মনসিংহ-ঢাকা ও ময়মনসিংহ-সিলেট আন্তঃনগর ট্রেন চালুর দাবিও বিবেচনায় রয়েছে। লোকোমোটিভ ও কোচ সংকটের কারণে তাৎক্ষণিক বাস্তবায়ন সম্ভব না হলেও অগ্রাধিকার ভিত্তিতে বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে জানান তিনি।

এ ছাড়া ময়মনসিংহের গুরুত্বপূর্ণ রেলক্রসিংগুলোতে যানজট নিরসনে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহের আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১