
পিসিসিপির জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) জেলা সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সহসাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, সহসমাজসেবা সম্পাদক মাহবুব আলমসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার ব্রাহ্মণ টিলায় কৃষক খলিলুর রহমানের পেঁপে বাগান থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৩০ জুলাই দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর বাগানে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ৪০০টি ফলন্ত পেঁপেগাছ কেটে ফেলে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে জনসংহতি সমিতির (জেএসএস) কথিত এক অর্থসংগ্রাহক জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট সংগঠনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
মানববন্ধনে উপস্থিত হয়ে কৃষক খলিলুর রহমান বলেন, পাঁচ বছরের জন্য লিজ নেওয়া জমিতে তিনি ১ হাজার ৮০০টি পেঁপেগাছ রোপণ করেছিলেন। চাঁদা না দেওয়ায় রাতের আঁধারে ১ হাজার ৪০০টি গাছ কেটে ফেলা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্ষতিপূরণ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সমাবেশ থেকে পেঁপে বাগান ধ্বংসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ, লংগদুর শিবেরআগা এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প পুনঃস্থাপন এবং পাহাড়ে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :