বান্দরবানে চুরি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে উদ্বেগ, নিরাপত্তা জোরদারের দাবি


মো. তুহিন হোসাইন, বান্দরবান প্রকাশের সময় : ৩১ মে, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
বান্দরবানে চুরি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে উদ্বেগ, নিরাপত্তা জোরদারের দাবি

বান্দরবান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াব্দা ব্রিজ, শেরে বাংলা নগর, আর্মি পাড়া, হোটেল প্লাজা ও এস আলম এলাকাজুড়ে চুরি, মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতে ওয়াব্দা ব্রিজসংলগ্ন এলাকায় দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে সিগারেট, দুধ, নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর সকালে এসে দোকানের বেড়া ভাঙা দেখতে পান। দোকানের বিভিন্ন মালামালও চুরি হয়ে গেছে। তিনি দাবি করেন, এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিশোরদের কিছু গ্রুপের তৎপরতা বৃদ্ধি পায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাসে এলাকায় চুরি, মাদকসেবন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। কয়েক দিন আগে ওয়াব্দা ব্রিজসংলগ্ন একটি দোকানে চুরি এবং এর আগে একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার বৈদ্যুতিক তার চুরির ঘটনাও ঘটেছে বলে তারা জানান।

এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে কিশোরদের জটলা দেখা যায়। গভীর রাত পর্যন্ত তাদের আড্ডা ও সন্দেহজনক চলাফেরার কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা এলাকায় নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সচেতন মহলের মতে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া সামাজিক উদ্বেগের বিষয়। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।

এ বিষয়ে বান্দরবান সদর থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে এলাকায় নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

বান্দরবান নিয়ে আরও সংবাদ পড়তে ক্লিক করু এখানে

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ