সৎ উদ্যোগ ও জনবান্ধব পুলিশিংয়ে বদলে যাচ্ছে দর্শনা থানা: আলোচনায় ওসি নজরুল ইসলাম


শিমুল রেজা, চুয়াডাঙ্গা প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ ৪৬
সৎ উদ্যোগ ও জনবান্ধব পুলিশিংয়ে বদলে যাচ্ছে দর্শনা থানা: আলোচনায় ওসি নজরুল ইসলাম

সৎ উদ্যোগ ও জনবান্ধব পুলিশিংয়ে বদলে যাচ্ছে দর্শনা থানা: আলোচনায় ওসি নজরুল ইসলাম। একসময় দর্শনা থানাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে অনীহা ও অবিশ্বাস ছিল। থানায় সেবা পেতে ভোগান্তি ও নানা নেতিবাচক ধারণা প্রচলিত থাকলেও, জনবান্ধব পুলিশিং ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে সেই চিত্র বদলে দেওয়ার চেষ্টা করছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। স্থানীয়দের দাবি, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং জনসেবামুখী কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে।

২০২৬ সালের ১১ জুন দর্শনা থানায় ওসি হিসেবে যোগ দেন নজরুল ইসলাম। এরপর থেকেই তিনি অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন এবং থানার সেবার মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন। নিয়মিত অভিযোগ শুনে দ্রুত ব্যবস্থা নেওয়া, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির মাধ্যমে থানার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দর্শনা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে। এ কারণে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

মাদক প্রতিরোধে সচেতনতা বাড়াতে ওসি নজরুল ইসলাম প্রতি শুক্রবার থানা এলাকার বিভিন্ন মসজিদে গিয়ে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন। জুমার নামাজের আগে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের বিপথগামিতা রোধে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

এ ছাড়া রাতের বেলায় অপ্রয়োজনে বাইরে অবস্থান না করা এবং স্থানীয় চায়ের দোকান নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার বিষয়েও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সহযোগিতা দিতে থানার সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। যতদিন দায়িত্বে থাকব, জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের দিকনির্দেশনা ও সহযোগিতায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছি। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি জনগণেরও সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিলে গোপনীয়তা রক্ষা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি নজরুল ইসলাম ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে দর্শনা থানায় জনসেবামুখী পুলিশিং কার্যক্রম পরিচালনা করছেন।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১