বিজিএমইএ-ওএস হাব সমঝোতা স্বাক্ষর: বৈশ্বিক সাপ্লাই চেইনে পোশাক কারখানার তথ্য ডিজিটালভাবে উপস্থাপনের উদ্যোগ


বিকেডি আবির, ঢাকা প্রকাশের সময় : ১১ মে, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ ৪৯
বিজিএমইএ-ওএস হাব সমঝোতা স্বাক্ষর: বৈশ্বিক সাপ্লাই চেইনে পোশাক কারখানার তথ্য ডিজিটালভাবে উপস্থাপনের উদ্যোগ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের তথ্যের স্বচ্ছতা নিশ্চিত এবং বৈশ্বিক সাপ্লাই চেইনে কারখানাগুলোর তথ্য ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং আন্তর্জাতিক সংস্থা ওপেন সাপ্লাই হাব (ওএস হাব) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

রোববার (১০ মে) অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিজিএমইএর পক্ষে সহসভাপতি ভিদিয়া অমৃত খান এবং ওপেন সাপ্লাই হাবের পক্ষে সংস্থাটির সিনিয়র ডাইরেক্টর অব প্রোগ্রামস হান্নাহ লেনেট সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী, বিজিএমইএ ট্রেড ফেয়ার কমিটির চেয়ারম্যান এম সাজেদুল করিমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে বিজিএমইএ-আইভি ডিকার্বের সমঝোতা

সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশের পোশাক কারখানাগুলোর অবস্থান, উৎপাদিত পণ্যের ধরন এবং বিশেষ সক্ষমতা নিয়ে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেস তৈরি করা হবে। এই তথ্য ওপেন সাপ্লাই হাবের বৈশ্বিক প্ল্যাটফর্মে উন্মুক্ত থাকবে, যা আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর জন্য সোর্সিং কার্যক্রম সহজ করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চুক্তির আওতায় বিজিএমইএর সদস্য কারখানাগুলোর তথ্য ওএস হাবের গ্লোবাল সাপ্লাই চেইন ম্যাপিং প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি প্রতিটি কারখানাকে একটি ইউনিভার্সাল ওএস আইডি প্রদান করা হবে, যা বৈশ্বিক ব্র্যান্ড ও গবেষকদের জন্য কারখানাগুলো সঠিকভাবে শনাক্ত করতে সহায়ক হবে।

এ ছাড়া কারখানা মালিক ও ব্যবস্থাপকদের জন্য ডিজিটাল প্রোফাইল ব্যবস্থাপনা বিষয়ে অনলাইন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমে একই তথ্য বারবার সরবরাহের জটিলতাও কমানো হবে বলে জানানো হয়।

ওপেন সাপ্লাই হাবের সিনিয়র ডাইরেক্টর অব প্রোগ্রামস হান্নাহ লেনেট বলেন, এই অংশীদারিত্বের মাধ্যমে প্রতিটি কারখানার একটি ইউনিক ডিজিটাল প্রোফাইল তৈরি হবে, যা তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করবে। একই সঙ্গে সামাজিক ও পরিবেশগত উন্নয়নের চিত্রও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা সম্ভব হবে।

বিজিএমইএ ভবনে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা

বিজিএমইএর সহসভাপতি ভিদিয়া অমৃত খান বলেন, “স্বচ্ছ ও ট্রেসেবল সাপ্লাই চেইন গড়ে তুলতে এই অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক বাণিজ্যে নির্ভরযোগ্য তথ্য এখন অপরিহার্য হয়ে উঠেছে। এই উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পকে টেকসই সোর্সিং গন্তব্য হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।”

বিজিএমইএর পরিচালক শাহ রাঈদ চৌধুরী বলেন, “সাপ্লাই চেইনের স্বচ্ছতাই টেকসই বাণিজ্যের ভিত্তি। এই উদ্যোগ বাংলাদেশের উৎপাদন খাতের তথ্য আন্তর্জাতিক বাজারে আরও সহজভাবে তুলে ধরতে সহায়তা করবে।”

সংশ্লিষ্টরা আশা করছেন, এ সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর পোশাক উৎপাদনকারী দেশ হিসেবে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১