নওগাঁর পত্নীতলায় এক আম চাষির আট শত আমগাছ কেটে ফেলার অভিযোগ


প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ
নওগাঁর পত্নীতলায় এক আম চাষির আট শত আমগাছ কেটে ফেলার অভিযোগ
খোরশেদ আলম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় জোরপূর্বক এক আম চাষির আট শত আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রভাবশালীর বিরুদ্ধে। ভূক্তভোগীর দাবি, তিনি এক যুগ ধরে তার কেনা জমিতে আম বাগান করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসেন কিন্তু হঠাৎ করে কিছু প্রভাবশালী ব্যক্তি আমগাছগুলো কেটে ফেলে। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভূক্তভোগী।
এঘটনায় বিচার চেয়েও হয়েছেন বঞ্চিত। তাই প্রতিকার পেতে বাধ্য হয়ে সংবাদ সন্মেলন করেছেন। শুক্রবার ২৭ সেপ্টেম্বর  নওগাঁ শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারে সংবাদ সন্মেলন করে ন্যায় বিচারের দাবি জানান, ভূক্তভোগী ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আবুল হোসেন(৫০)। তিনি ঢাকার সাভার জালেম্বর মহল্লার নিরাজ উদ্দীন দেওয়ানের ছেলে। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেওয়ান এন্টারপ্রাইজ।
লিখিত বক্তব্যে ব্যবসায়ী আবুল হোসেন বলেন, আমি একজন ব্যবসায়ী। ব্যবসার সুবাদে নওগাঁর পত্নীতলা উপজেলার ব্যবসায়ী আনিছুর মোল্লা আমার বন্ধু। তার মাধ্যমে প্রায় ১২বছর আগে উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত গোপেন্দ্র নাথ ঘোষের ছেলে গৌতম ঘোষ ও মেয়ে মিতালী রাণী ঘোষের কাছ থেকে ৬০ লাখ টাকায় ৪ দশমিক ৩২ একর জমি ক্রয় করি। যার হাল দাগ নং-১০১৮, সাবেক দাগ-৫৩। এরপর সেই জমিটি স্থানীয় বর্গাদার আব্দুস সামাদের মাধ্যমে সেখানে শান্তিপূর্ণভাবে এক হাজার দুই’শটি বারি-৪ জাতের আমগাছ রোপণ করে ভোগদখল করে আসছিলাম। এমনকি সেখান থেকে প্রতিবছর আনুমানিক ১০লাখ টাকার আম বিক্রয় করে আমার সাংসারিক খরচ বহনের পাশাপাশি সন্তানদের জন্য সঞ্চয় করে আসছিলাম। কিন্তু হঠাৎ করে আসামিরা আমার ক্রয়কৃত সম্পত্তি তাদের বলে দাবি করে বিভিন্ন ঝামেলা করছিল। বিষয়টি নিয়ে গত ১৫ সেপ্টেম্বর পত্নীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
তিনি আরও বলেন, গত ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব পাটিচোরা গ্রামের নাইম হোসেন এবং তার দুই ভাই লেমন হোসেন ও ছেলিম হোসেনসহ অজ্ঞাত আর ২০-২৫ জন যুবক হাতে হাসুয়া, দা, কুড়াল ও লাঠি সোঠা নিয়ে আমার বাগানে প্রবেশ করে। এরপর তারা সন্ত্রাসী কায়দায় আমার বাগানের ৮শত টির বেশি আমগাছ কেটে ফেলে। এতে আমার প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদের এই সন্ত্রাসী কার্যকলাপে বাধা দিতে গেলে বর্গাদার আব্দুস সামাদকে মেরে ফেলার হুমকি ও বিভিন্ন ভয়ভীতি প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, আবুল হোসেনের ছেলে শফিউল্লাহ দেওয়ান ও ভাতিজা কাজি শোভন শাহরিয়ার।
ব্যবসায়ী আবুল হোসেন বলেন, দেশের পট পরিবর্তনের পর কিছু প্রভাবশালী ব্যক্তি আমার গাছগুলো কেটে জমি দখলের পাঁয়তারা করছে। বিশেষ করে আমার বাড়ি ঢাকায় হওয়ায় এবং ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে তারা আমার কাছ থেকে মোটা অংকের অর্থ হাছিল করার পাঁয়তারা করছে। তাদের পরিচয় কি এমন প্রশ্নে তিনি বলেন, এতোদিন কিছু হলোনা, দেশের পট পরিবর্তনের পরই এমন করে দখলের চেষ্টা করছে। এতেই বুঝতে হবে, তাদের পরিচয় কি হতে পারে। তাই দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান ভুক্তভোগী ব্যবসায়ী।
জানতে চাইলে অভিযোগ ওঠা নাইম হোসেন মুঠোফোনে বলেন, আমরা ১৯৮৮ সালে সরকারের কাছে আবেদন করি। এর প্রেক্ষিতে ১৯৯১ সালে সরকার আমাদের তিনজনকে তিন একর জমি পত্তন দেয়। খারিজ ও পত্তন মূলে আমাদের নামে হোল্ডিং আছে। আবুল হোসেনের জমির ১০১৮ দাগে আমরা যাইনি। আমাদের ৯০৭ দাগে যে জমি আছে সেই জমিতে আছি। তাই আমরা তো দখল নিবোই। তিনি আরও বলেন, আমাদের জমির কাগজগুলো দেখাতে যেকোনো সময় রাজি আছি। যেহেতু বিবাদ চলছে আমরাও থানায় বসতে চেয়েছিলাম।  এছাড়া তারা হয়রানি করার জন্য গাছ কাটার অভিযোগ তুলছে। তারা বিত্তবান হওয়ার কারণে আমার জমিই কিনে নেওয়ার চেষ্টা করছে স্থানীয় কিছু দালালের মাধ্যমে। আর এতোদিন স্থানীয়দের হয়রানির কারণে যেতে পারিনি বলেও জানান তিনি।
জানতে চাইলে জমি বিক্রেতা গৌতম ঘোষ মুঠোফোনে বলেন, আমার কাছ থেকে বৈধভাবে আবুল হোসেন ১০১৮ দাগে প্রায় ১৫ বিঘা জমি কিনে নিয়েছে। সেখানে ১২ বছর ধরে আমগাছ লাগিয়ে ভোগদখল করে আসছে। এতোদিন তারা কোথায় ছিল। আসলে তাদের উদ্দেশ্য খারাপ। তারা অন্যায়ভাবে ক্রেতা আবুল হোসেনের জমিতে এসে অশান্তি সৃষ্টি করছে। এর আগেও তারা অশান্তি সৃষ্ঠি করেছিল। কিন্তু পারেনি।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ এনায়েতুর রহমান জানান, আম বাগানের মালিকানার সমস্যা নিয়ে আবুল হোসেন নামের এক ব্যবসায়ী থানায় অভিযোগ করেছিলেন অনেক দিন আগে। তবে কয়েক দিন থানায় এসে তিনি জানান তার বাগানের গাছ কেটে ফেলা হচ্ছে। তারপর পুলিশকে পাঠিয়ে সেটা বন্ধ করা হয়। পরবর্তীতে যতটুকু জেনেছি তিনি আদালতের শরনাপণ্য হয়েছেন। এখন আদালত থেকে যে নিদের্শনা আসবে সেটা করা হবে।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০