শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা,জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ ৬৬
শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা,জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টে ‘শুভ জন্মদিন আপা’ মন্তব্য করার অভিযোগে জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলাভঙ্গ এবং নীতি, আদর্শ ও সংহতিবিরোধী কার্যকলাপের অভিযোগে রাব্বি হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীর ফেসবুক পোস্টে ‘শুভ জন্মদিন আপা’ লিখে মন্তব্য করেন রাব্বি। এ নিয়ে সমালোচনা তৈরি হলে শিক্ষার্থীরা তাকে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে বিকেল পৌনে ৪টার দিকে তাকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তবে নিজের মন্তব্যের ব্যাখ্যায় রাব্বি হোসেন বলেন, শেখ হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ বলা তিনি ব্যঙ্গাত্মক অর্থে লিখেছিলেন। ২০২৪ সালের আন্দোলনে সরাসরি অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানোর বিষয়টি জানার পর শিক্ষার্থীরা রাব্বি হোসেনকে প্রক্টর কার্যালয়ে নিয়ে আসেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।

রাব্বি হোসেন জাতীয় ছাত্রশক্তির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বহিষ্কারের ফলে তিনি সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ হারিয়েছেন।

 

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০