
শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক নূরুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর ১১(২) ধারা অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে তাঁর মূল পদে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন দুটি রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষর করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে এর অনুলিপি পাঠানো হয়েছে।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :