কমলগঞ্জে বিরোধীয় জায়গা উদ্ধারে প্রশাসনের কাছে বিচারের দাবিতে ভুক্তভোগীর আকুতি


কমলগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ ৪৬
কমলগঞ্জে বিরোধীয় জায়গা উদ্ধারে প্রশাসনের কাছে   বিচারের দাবিতে ভুক্তভোগীর আকুতি

কমলগঞ্জ  প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুস শহিদ (৫৫) তার পৈতৃক ও আদালতের ডিগ্রি  সূত্রে প্রাপ্ত জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও দীর্ঘ ১০ মাসে কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের নির্দেশের পরও স্থানীয় ভূমি প্রশাসন বিষয়টি নিয়ে রহস্যজনক কারণে দীর্ঘসূত্রিতা করছে বলে ভুক্তভোগীর দাবি।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, কমলগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মবশ্বির আলীর ছেলে মোঃ আব্দুস শহিদের সাথে তার বড় ভাইয়ের জায়গা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বিরোধীয় মোট জায়গার পরিমাণ ৯ শতক (জেএল নম্বর: ৭৬, এসএ খতিয়ান নং: ৪০, দাগ নং: ৩০৬)। এর মধ্যে নিজের দাবিকৃত ৯ শতক জায়গার দখল বুঝে পাওয়ার জন্য গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলা প্রশাসক (ডিসি) বরাবর একটি আবেদন করেন আব্দুস শহিদ।

উক্ত আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত ও আইনগত পদক্ষেপের মাধ্যমে নিষ্পত্তির জন্য কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) দায়িত্ব প্রদান করেন। পরবর্তীতে ইউএনও বিষয়টি সমাধানের জন্য কমলগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ডকে দায়িত্ব দেন। নির্দেশনায় বলা হয়, আইনগত পদক্ষেপ নিয়ে উভয় পক্ষের শুনানির মাধ্যমে বিষয়টি আপোষে মীমাংসা করার।
ভুক্তভোগী আব্দুস শহিদ ক্ষোভ প্রকাশ করে ১৬ সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন, “দীর্ঘ ১০ মাস পার হয়ে গেলেও অজ্ঞাত বা রহস্যজনক কারণে ভূমি অফিস কোনো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে না। আমি ডিসি সাহেবের কাছে গিয়েও কোনো সমাধান পাচ্ছি না। আমার আরএস রেকর্ডীয় ২ শতক জায়গা এবং আপোষ মীমাংসায় প্রাপ্ত ১ শতক জায়গাসহ মোট ৩ শতক জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন আমার বড় ভাই  আব্দুল মান্নান। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই এবং অচিরেই যেন আমার জায়গাটা উদ্ধার করে দেওয়া হয়।”
এ বিষয়ে জানতে চাইলে কমলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ বলেন, “আমরা উভয়পক্ষকে ডেকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শুনানি করেছি। শুনানির সময় সবাই বিষয়টি বুঝেছেন এবং মীমাংসা করবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। তবে জায়গার দখল উচ্ছেদের কোনো সুনির্দিষ্ট নির্দেশ আদালত থেকে আসলে আমরা সে অনুযায়ী আইনগত পদক্ষেপ নিতে পারবো।”

ভুক্তভোগী আব্দুস শহিদ তার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে এবং দখলদারদের হাত থেকে জায়গাটি উদ্ধারে ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে আব্দুস সহিদের বড় ভাই আব্দুল মান্নান মুঠোফোনে  জানান, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। আমার দখলীয় ভিটার মালিক আমি নিজে। আমরা দুই ভাই সমান ভাগে জায়গা ভাগ করে নিয়েছি। আমার ভাইয়ের দাবিকৃত জায়গা প্রাইমারি স্কুলের সীমানার ভিতর আছে।আমার ভিটায় তার  জায়গার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০