
শনিবার (১৮ জুলাই) বিকেলে জীবননগর উপজেলার ধোপাখালী উচ্চবিদ্যালয় মাঠে জীবননগর থানা-পুলিশের উদ্যোগে এ সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় অভিশাপ। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং বিপথগামী ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পুলিশ কাজ করছে। যারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, মাদক কারবারি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। যারা এখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহ, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাজেদুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহাতাব মানিকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরা।
সমাবেশে বক্তারা মাদকের কুফল, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার প্রয়োজনীয়তা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে ১৬ জন মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তি আত্মসমর্পণ করে ভবিষ্যতে মাদকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার অঙ্গীকার করেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :