
সোমবার (১১ মে) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং উপদেষ্টা মাহদি আমিন।
বৈঠকে পণ্য বহুমুখীকরণ, রপ্তানি খাত সম্প্রসারণ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তৈরি পোশাক খাতে কৃত্রিম তন্তু বা ম্যান-মেইড ফাইবারভিত্তিক উচ্চমূল্যের পোশাক উৎপাদন বাড়াতে বিজিএমইএকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
পোশাক খাতে কার্বন নিঃসরণ কমাতে বিজিএমইএ-আইভি ডিকার্বের সমঝোতা
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বন্ধ কারখানা পুনরায় চালুর জন্য সরকারের বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত কারখানা বাছাইয়ে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান তিনি। এছাড়া সংকটে থাকা সচল কারখানাগুলোকে টিকিয়ে রাখতে বিশেষ নীতিগত সহায়তা দেওয়ার প্রস্তাবও করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বন্ধ কারখানা চালু করা এবং সংকটে থাকা কারখানাগুলোকে সহায়তা দেওয়া—দুই বিষয়কেই সরকার সমান গুরুত্ব দেবে। বিজিএমইএর সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় নীতি সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
বিজিএমইএর প্রতিনিধিদলে আরও ছিলেন সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি ভিদিয়া অমৃত খান, সহসভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী এবং সহসভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী।
বৈঠকে দেশের শিল্পখাত ও অর্থনীতির উন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য বিজিএমইএর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
আপনার মতামত লিখুন :