
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সার্জিও গর তাঁর এক্স হ্যান্ডলে এসব কথা লেখেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁদের এই বৈঠক হয়। তিনি লেখেন, ‘আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি যে স্থিতিশীলতার বিষয়টি (বাংলাদেশে) মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবেচনায় নিয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ এখন ভ্রমণের জন্য আগের চেয়ে নিরাপদ। যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক সার্বিক পরামর্শ অনুযায়ী এই মাত্রা তিন থেকে দুই স্তরে নামিয়ে আনা হয়েছে। এটি একটি বড় সংবাদ!’
ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সফরে গতকাল ঢাকায় এসেছেন। এটি তাঁর প্রথম ঢাকা সফর। গতকাল গরের ঢাকায় পৌঁছানোর তথ্য দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।
দূতাবাসের দেওয়া বার্তায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমার বন্ধু, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। তাঁর এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত অংশীদারি, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরো শক্তিশালী করবে।’
সার্জিও গরের এই সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়া কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে তাঁর।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে ওয়াশিংটন ঢাকার পররাষ্ট্রনীতি বুঝতে ও জানতে চায়।
ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূতের দায়িত্ব ছাড়াও ভারতে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গর। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হওয়ার আগে গর হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পারসোনেল অফিসের পরিচালক ছিলেন।
লাখোকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
লাখোকণ্ঠের খবর পেতে ইউটিউব চ্যানেল ফলো করুন
আপনার মতামত লিখুন :