
আলমডাঙ্গা শহরের ক্যানালপাড়ার বাসিন্দা দীপিল কুমার (৪৫) প্রায় ১৫ বছর ধরে ভ্রাম্যমাণভাবে চটপটি ও ঝালমুড়ি বিক্রি করছেন। প্রতিদিন শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসা করেন তিনি। তবে জীবিকার ব্যস্ততার মধ্যেও ফুটবলের প্রতি তার ভালোবাসায় কোনো ভাটা পড়েনি।
দীপিল কুমার জানান, ১৯৯০ সালের বিশ্বকাপ থেকেই তিনি আর্জেন্টিনা ও কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার ভক্ত। পরে লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে সেই সমর্থন আরও গভীর হয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে এবার প্রথমবারের মতো নিজের পুরো ঠেলাগাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন তিনি। শুধু তাই নয়, দোকানে সারাক্ষণ স্পিকারে বাজে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে নিয়ে বিভিন্ন গান। ফলে তার চটপটির ঠেলাগাড়ি যেন ফুটবলপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় মিলনস্থলে পরিণত হয়েছে।
দীপিল কুমার বলেন, “আমার পোশাক আর ঠেলাগাড়ির সাজসজ্জা দেখে অনেকে নানা মন্তব্য করেন। কেউ কেউ পাগলও বলেন। কিন্তু এতে আমার কিছু যায় আসে না। আমি যেভাবে আমার প্রিয় দলকে ভালোবাসি, সেভাবেই সেই ভালোবাসা প্রকাশ করি। এতে আমি আনন্দ পাই।”
তিনি বলেন, সমালোচনার পাশাপাশি অনেকেই তার এই উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে মেসি ও আর্জেন্টিনার সমর্থকেরা তাকে উৎসাহ দেন।
দীপিল কুমারের ভাষায়, “আমি যেমন নিজের দেশকে ভালোবাসি, তেমনি বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকেও ভালোবাসি। কে কী বলল, সেটা নিয়ে ভাবি না।”
তার স্বপ্ন, চটপটি বিক্রি করে টাকা জমিয়ে একদিন স্টেডিয়ামের গ্যালারিতে বসে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখবেন।
স্থানীয়দের ভাষ্য, দীপিল কুমারের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ তার সাজানো ঠেলাগাড়ি দেখতে আসছেন। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। জীবিকার সঙ্গে ফুটবলপ্রেমকে এমনভাবে মিশিয়ে দেওয়ার উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
আপনার মতামত লিখুন :