
জেলা প্রশাসক লুৎফুন নাহার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
উদ্বোধনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার। সেমিনারে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ভূমি সেবা কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক (ডিডিএলজি) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ-জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার আধুনিক ও ডিজিটালাইজড সেবা চালু করেছে। এর ফলে সাধারণ মানুষ দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।
বক্তারা আরও বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, সহজ ও জনবান্ধব করতে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম চালু করা হয়েছে। অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত নানা জটিলতার সমাধান হওয়ায় মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন।
জেলা প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় শুরু হওয়া এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি সেবা ও ভূমি বিষয়ক পরামর্শসহ বিভিন্ন সেবা প্রদানের জন্য একাধিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
চুয়াডাঙ্গার আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
লাখোকণ্ঠের খবর পেতে ফেসবুক পেজ ফলো করুন
আপনার মতামত লিখুন :