
খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের সময় দেশে ছিলেন না শাকিব খান। নির্বাচনের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২ জুলাই) রাতের ফ্লাইটে শাকিব যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। আর তাই শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেয়ার সুযোগ হয়নি অভিনেতার।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, শাকিবের এবারের যুক্তরাষ্ট্র সফরের অন্যতম কারণ ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল সরাসরি মাঠে বসে উপভোগ করা।আর্জেন্টিনার সমর্থক হিসেবে নিজের প্রিয় দলকে শিরোপার লড়াইয়ে দেখতে চান শাকিব। টিকিট সংগ্রহ করতে পারলে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ দেখার পরিকল্পনা রয়েছে তার।
তবে শুধু বিশ্বকাপ নয়, শাকিবের যুক্তরাষ্ট্র সফরের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। দেশটির স্থায়ী বাসিন্দার অনুমতিপত্র বা গ্রিন কার্ড ধারী হওয়ায় অভিবাসনসংক্রান্ত নিয়ম মেনে নির্দিষ্ট সময় পরপর সেখানে অবস্থান করতে হয় তাকে। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবেও অভিনেতার জন্য এ সফর গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।
আপনার মতামত লিখুন :